Saturday, 31 October 2026

সনাতন

 ৩১.১০.২০২৬

সনাতন 

আজকাল সনাতন কথাটা খুব শোনা যাচ্ছে। সনাতন ধর্ম্ম, সনাতন সত্য, সনাতনী ইত্যাদি শব্দের প্রয়োগ করা হচ্ছে। সনাতন শব্দের অভিধানিক অর্থ হচ্ছে নিত্য, চিরস্থায়ী, চিরদিনের। হিন্দুশাস্ত্রে এঁকে নির্গুণ চৈতন্যের অস্তিত্ত্বকে বোঝানো হয়েছে। আবার এই নির্গুণ চৈতন্য হচ্ছে অব্যক্ত, অজ্ঞেয়।  নির্গুণ চৈতন্যকে  ব্যক্ত করা যায় না, আবার জানাও  যায় না বা বুদ্ধির অতীত। যে জানে, তাকে কে জানে ? 

একটু ভালো করে পর্যবেক্ষন করলে আমরা বেশ অনুভব করতে পারি, যে এই যে জগৎ একটা বিশেষ সময়ে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তা পরমুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু একটা নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে।আর এই প্রক্রিয়া এতটাই দ্রুত সম্পন্ন হচ্ছে, যে আমাদের অনুভূতিতে তা ধারা পড়ছে না। 

একটা শব্দ একটা বিশেষ সময়ে অনুভূত হচ্ছে, আবার তা মিলিয়ে যাচ্ছে। এক অনুভূতি যা এই মুহূর্তে অনুভব হচ্ছে, তা ক্ষণিক পরেই হারিয়ে যাচ্ছে। 

তো একদিকে যেমন বিশ্বব্রহ্মাণ্ডে মিথ্যে বলে কিছু দৃশ্যমান থাকে না, বা শ্রুতিগোচর থাকে না,  আবার সত্য প্রতি মুহূর্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো বর্তমানের বিশ্ব যা দৃশ্যমান, তা সত্য।  এখানে মিথ্যে বলে কিছু থাকতেই  পারে না। তো আমি বলি, জগৎ মিথ্যে নয়, জগতে মিথ্যে বলে কিছু হয় না। প্রকৃতির সব কিছুই এই মুহূর্তের জন্য সত্য ও বাস্তব। আসলে মিথ্যে হচ্ছে সেই দৃষ্টি বা অনুভূতি যা মানুষের বুঝবার বা বোঝাবার অক্ষমতা। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বাস্তব বিশ্বকে ভুল বোঝায়। সে মিথ্যেকেও সত্য বলে ভুল করে। 

এই যে বিশ্ব  বা প্রকৃতি এর বাইরে অর্থাৎ প্রকৃতির উর্দ্ধে একটা অতিপ্রাকৃত শক্তি বা ইচ্ছেশক্তি আছে, যা আমাদের এই দৃশ্যমান প্রকৃতির মধ্যে নিরন্তর পরিবর্তন এনে দিচ্ছে। এইটে  হচ্ছে পরম সত্য। এই যে পরম সত্য বা সনাতন এটি আমাদের অনেকের কাছে মহা-মূল্যবান। বিচার-বুদ্ধির উর্দ্ধে এই সত্যকে চিরন্তন বলা হয়েছে। এই সনাতন বা চিরন্তন সত্য আসলে একটা নিষ্ফলা শব্দ। এটি মূল্যবান কিন্তু বোধবুদ্ধিহীনের কাছেই এই সত্য ধরা পরে। বিচার-বুদ্ধিযুক্ত মানুষকে মূর্খ বানাবার জন্য এটি একটি অমোঘ যাদুমন্ত্র। আমরা ভাবি মিথ্যেকেই  শুধু বানাতে হয়, সত্য চিরন্তন। কিন্তু  সত্য হচ্ছে সত্যকেও  বানাতে হয়। অহরহ মিথ্যে যেমন সৃষ্টি  হয়ে চলেছে, তেমনি সত্যকেও বানাতে হয়। চিরন্তন  সত্য বলে যেমন কিছু হয় না, তেমনি চিরন্তন  মিথ্যে বলে কিছু হয় না। সত্য-মিথ্যে  ব্যক্তি বিশেষে, সময় বিশেষে, দেশ বিশেষে আলাদা হয়ে থাকে। যুগের প্রারম্ভে যেমন সত্যের জন্ম হয়, তেমনি মিথ্যেরও জন্ম হয়। যুগের পরিবর্ত্তনে সত্যের পরিবর্ত্তন ঘটে, আবার মিথ্যের  পরিবর্ত্তন ঘটে থাকে। আসলে যুগপুরুষ এসে একটা সত্য-মিথ্যের  ধারণা  প্রচার করে থাকেন। আর আমরা সাধারণ বুদ্ধির মানুষ সেই প্রচারে বিভ্রান্ত হয়ে ছুঁটে  চলি।  

সত্য হচ্ছে সেটাই যা  তোমার কাছে  সত্য, তা আমাদের শাস্ত্রবাক্যের বিরোধী হলেও তা সত্য।  আবার তোমার কাছে যা মিথ্যে তা শাস্ত্রের বিরোধী হলেও তা মিথ্যে। চোখ বুজে, বিচারবুদ্ধির বাইরে গিয়ে কোনো বিষয়কেই সত্য বা মিথ্যে বলে মেনে যাবার মধ্যে কোনো কৃতিত্ত্ব নেই। অন্যের অনুভূতিকে সত্য বলে প্রচার করার চেয়ে নিজের অনুভূতির সত্যকে স্বীকার করাই ভালো। ভিন্ন ভিন্ন ধর্ম্মগ্রন্থে মতাদর্শের পার্থক্য রয়েছে। আবার আমরা লক্ষ করেছি, যে ধর্ম্মগ্রন্থ নিজেই অনির্বচনীয় বলছে, তাকেই নিয়েই বচনের ভান্ডার গড়ে তুলছে। দেখুন, যা আপনার অনুভূতিতে নেই, যা আপনার বুদ্ধির বাইরে, তাকে আপনি আপনার অজ্ঞানের ভান্ডার বা জ্ঞানের ভান্ডার থেকে বাইরে  রাখুন। যা বুদ্ধির অগম্য তা আলোচনার যোগ্য নয়, যা অজ্ঞেয় তা জানার বিষয় নয়, তাকে ক্রমাগত জানার চেষ্টা বা প্রমানের চেষ্টা না করাই  ভালো। 

সত্য সবসময় দেশ-কাল-ব্যক্তির সন্মন্ধে সম্পর্কযুক্ত। সত্য দেশ-কাল-পাত্র ভেদে আলাদা হতেই পারে। এ নিয়ে বিতর্ক বৃথা। তুমি তোমার মতো করে সত্যকে বোঝার, জানার চেষ্টা করো।  অন্ধের মতো অন্যের অনুভূতিকে নিজের বলে মিথ্যে জাহির করতে যেও না। আর তা যদি করো, তা হবে নিজের সঙ্গে প্রতারণা। এমন ভাবার কোনো কারন নেই যে আমাদের পূর্ব্বপুরুষ সেই ঋষি-মানবগন আমাদের জন্য সব ভেবে  বসে আছেন। এমন ভাবনার কোনো কারন নেই, যে সমস্ত ভাবনার শেষ হয়ে গেছে। ঋষিরাই সব ভেবে  ফেলেছেন, এখন আর নতুন করে কিছু ভাববার নেই। সত্য হচ্ছে দুনিয়ায় পুরাতন বলে কিছু নেই - সবই নতুন।  নিত্যদিন নতুনের সৃষ্টি হয়ে চলেছে।  তাই ত্রিকালজ্ঞ ঋষিগণ চিন্তার সব ভাবনার ভান্ডার শেষ করে ফেলেছেন, এমনটা নয়। ভাবনার ভান্ডার প্রতিনিয়ত নতুন নতুন ভাবনার  বিষয় যোগ করে চলেছেন।  তাই আপনার ভাবনা আপনিই ভাবুন, আমার ভাবনা আমাকে ভাবতে দিন। ভাববেন না যে সব চিন্তার শেষ হয়ে গেছে, আর কিছুই চিন্তা করবার নেই। জগৎ-বিষয় যতদিন পরিবর্ত্তন হচ্ছে চিন্তার ধারা ততদিন চলতে থাকবে, আর তা হবে একটা চিরন্তন ধাবমান প্রবাহ । এর কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই। 

চিন্তাবিদ অনেক মহাপুরুষ পৃথিবীতে এসেছেন, যাঁরা  ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, আবার এমন অনেক মহাপুরুষ এসেছেন, যারা ঈশ্বর সম্পর্কে  চুপ ছিলেন।  আবার কেউ এই ঈশ্বরকে নিয়ে আস্ফালন করেছেন। এঁরা কেউ পাগোল, আবার কেউ পণ্ডিত বলে খ্যাত হয়েছেন। আবার আজ যারা  পাগোল, তাঁদেরকেই  যুগের পরিবর্ত্তনে পণ্ডিত বলে মেনে নিয়েছেন, নতুন প্রজন্ম ।  

উপনিষদের  ঋষিগণ  বলছেন,  যাঁকে  কেউ দেখতে পায়  না, কিন্তু যিনি সবাইকে দেখেন তিনিই সেই পরমেশ্বর। ইনি  সনাতন। পৃথিবী ধংশ হয়ে গেলেও যার ধংশ হয় না, তিনিই সনাতন। এই বিশ্বব্রহ্মাণ্ড ধংস হয়ে গেলেও যিনি থাকবেন, আবার এই বিশ্ব ব্রহ্মান্ড সৃষ্টির পরেও যিনি থাকেন, তিনিই সনাতন ঈশ্বর। এঁকে কেউই দেখেনি, জানেনি, এমনকি অনুভবেও আসে না, তিনিই সেই সনাতন সত্য বস্তু।  তো বোঝাই যাচ্ছে এই ধারণা  আমাদের কল্পনা বা অন্ধ-বিশ্বাস  ছাড়া কিছু নয়। সবার পিছনে কেউ একজন আছেন, এটি আমাদের কল্পনা ছাড়া কিছু নয়। আর এই অদ্ভুত কল্পনা নাকি সিন্ধু নদের তীরের অধিবাসীর (হিন্দু) মধ্যে থেকে প্রথম প্রচারিত হয়। তাই হিন্দু  ধর্ম্মের মানুষরা নিজেদের সনাতনী বলে দাবি করে থাকেন । 

আসলে সনাতন বলে কিছুই নেই।  জগৎ একটি পরিবর্তনশীল সত্ত্বা মাত্র। এর একমাত্র ধর্মই হচ্ছে পরিবর্তনের  মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া।  একটি সত্ত্বা থেকে অন্য সত্ত্বায় ধাবিত হওয়া।  একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়া। এমনকি জীবাত্মা যা পরমাত্মার অংশ, তাও  এক শরীর  ছেড়ে অন্য শরীরে ধাবিত হচ্ছে। তো সনাতন হচ্ছে একটা নিয়ম বা অনুশাসন যা জগৎকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই নিয়মের কোনো পরিবর্ত্তন নেই। এই নিয়মই চিরন্তন। একেই বলে সনাতন।  তাই সনাতন হচ্ছে শ্বাশ্বত অনুশাসন মাত্র। যার কোনো পরিবর্ত্তন নেই। যা চিরকালীন। সৃষ্টির আগেও ছিল, আবার এই সৃষ্টির প্রলয়ের পরেও থাকবে। সনাতন হচ্ছে বিশ্বজগতের ধর্ম।  বিশেষ কোনো মনুষ্য-গোষ্ঠীর নয়। এমনকি শুধু জীবকুলের নয়, সনাতন হচ্ছে জড়-অজড়, উভয়ের ধর্ম। 

-----






 

No comments:

Post a Comment